শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন নারী উদ্যোক্তা লোপা

মোঃ সাগর হোসেনঃ

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ‘কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা লোপাকে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়। তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শের-ই-বাংলা এ কে ফজলুল হকের কর্মময় জীবন, সমাজ ও দেশের প্রতি তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করতেই এ আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রেজাবউদ্দৌলা চৌধুরী, সাবেক সচিব সৈয়দ মাকরুম মোর্শেদ, সফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে অতিথিরা শেরে বাংলা এ কে ফজলুল হকের আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।