সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বর এলাকায় অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যদ্রব্য বিক্রির দায়ে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মিরেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।
আসিফ আল আজাদ জানান, অভিযানকালে মেসার্স সাত্তার ভ্যারাইটিজ স্টোরে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট ও মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুস সাত্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় দোকানিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন কোনো খাদ্যদ্রব্য বিক্রি না করার জন্য সতর্ক ও নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করে।

