মুন্সীগঞ্জে বল্লালবাড়ি থেকে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ ও পিকআপসহ গ্রেপ্তার ২

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪০ বোতল এস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বল্লালবাড়ি এলাকায় সিরাজের চায়ের দোকানের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বল্লালবাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১৪০ বোতল এস্কাফসহ রুবেল (২৮) ও মো. রিপন আলী (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তার রুবেল ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর থানার উত্তর মন্ডলপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। অপর গ্রেপ্তার মো. রিপন আলী একই জেলার মহেশপুর থানার যাদবপুর বিওপি ক্যাম্পপাড়া এলাকার মো. রফিক বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে ‘Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup’ লেখা রয়েছে।