সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
ঝটিকা মিছিলের আশঙ্কায় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও জেলার বিভিন্ন সড়কে যেকোনো সময় ঝটিকা মিছিল হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ নজরদারি ও চেকপোস্ট বসানো হয়।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চেকপোস্টে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি হায়েস মাইক্রোবাসসহ নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার হাতিমারা মোড়ে হাতিমারা তদন্তকেন্দ্রের চেকপোস্টে আরও ১১ সদস্যকে একটি হায়েস গাড়িসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, শ্রীনগর থানাধীন ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত আনুমানিক ২টার দিকে পরিচালিত চেকপোস্টে আরও ১০ সদস্যকে একটি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, তিনটি গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে মাস্কসহ ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সর্বমোট জেলার বিভিন্ন চেকপোস্টে ৩১ জনকে তিনটি হায়েস মাইক্রোবাসসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

