মুন্সীগঞ্জে জোড়পুকুরপাড় এলাকায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো. জিল্লুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় জিল্লুর রহমানকে আটক করে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জিল্লুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জের কাগজীপাড়া এলাকায়। তিনি বর্তমানে জোড়পুকুরপাড় এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।