মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল, ৩-১ গোলে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মুন্সীগঞ্জ পৌরসভা দল ও লৌহজং উপজেলা দল। এতে ৩-১ গোলে লৌহজং উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুন্সীগঞ্জ পৌরসভা।

জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতাপূর্ণ এ ফাইনাল ঘিরে দুপুর থেকেই স্টেডিয়াম এলাকায় ছিল ক্রীড়াপ্রেমীদের ব্যাপক ভিড়।

খেলা শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো স্টেডিয়াম।

ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মুন্সীগঞ্জ পৌরসভা দল জয় তুলে নেয়। দলের হয়ে জোড়া গোল করেন অপূর্ব ভূঁইয়া। অপর গোলটি করেন ত্রিশাল। লৌহজং উপজেলার হয়ে একমাত্র গোলটি করেন দীপু।

ফাইনালে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কারও পান মুন্সীগঞ্জ পৌরসভার অপূর্ব ভূঁইয়া। সেরা গোলরক্ষক নির্বাচিত হন মুন্সীগঞ্জ পৌরসভা দলের গোলরক্ষক ফরহাদ মুন্সী। আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান লৌহজং উপজেলা দলের ইমরান হোসেন।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু প্রমুখ।

এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত হন। দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে পুরো স্টেডিয়াম ছিল মুখরিত।

খেলা দেখতে আসা দর্শকরা বলেন, নিয়মিত এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা ভবিষ্যতেও জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।