মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ গ্যারেজে আগুন

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে গ্যারেজে থাকা গুরুত্বপূর্ণ সম্পদ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১২টার দিকে সিরাজদিখান বাজারস্থ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা পুরাতন সিলিং ফ্যান, মিটার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে একটি ডাবল-কেবিন পিকআপ, সাতটি মোটরসাইকেল, দুটি ট্রান্সফরমার, গ্যারেজের অবকাঠামোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল আগুনের কবল থেকে রক্ষা পায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা পেয়েছে।