সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ‘নবাব কাচ্চি ডাইন রেস্টুরেন্ট’-এর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে নবাব কাচ্চি ডাইন রেস্টুরেন্টে মনিটরিং করে বিভিন্ন অনিয়ম দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। রান্না করা খাবার উন্মুক্তভাবে সংরক্ষণ, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে রাখা এবং কাচ্চি বিরিয়ানিতে নন-ফুডগ্রেড রং ব্যবহার করতে দেখা যায়। এছাড়া বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থাও ছিল না।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আনোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

