সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে চাচাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে একটি পাকা ঘাট নির্মাণ করা হয়। রোববার সকালে দুই শিশু ওই ঘাটের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের চাচা চান মোল্লা জানান, শিশু দুটিকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা দাস বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
এ ঘটনায় দুই শিশুর পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।

