সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কনকসার বাজার ও নাগেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
আসিফ আল আজাদ জানান, অভিযানকালে কনকসার বাজারের বিসমিল্লাহ বাণিজ্যালয়ে মনিটরিং করে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে নাগেরহাট এলাকার প্রীতি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকার মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল হাসান এবং লৌহজং থানা পুলিশের একটি দল।

