মুন্সীগঞ্জের যোগিনী ঘাট থেকে গজারিয়া ট্রলার ঘাট পর্যন্ত সড়ক খানা-খন্দে বেড়েছে ভোগান্তি

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স  :

মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনী ঘাট এলাকা থেকে শুরু হয়ে গজারিয়া ট্রলার ঘাট পর্যন্ত রাস্তায় কোন সড়ক বাতি নেই। প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘের এ সড়কটি খানাখন্দেও ভরে আছে। এতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। ফলে স্থানীয় ও এ পথের যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

এলাকার ভুক্তভোগী কমপক্ষে ২০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সিগঞ্জ পৌর এলাকার যোগনীঘাট হয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় অবস্থিত গজারিয়া উপজেলায় যাওয়ার ট্রলার ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

গত ১০ বছর আগে রাস্তাটি নির্মান করার পর কোন বৈদ্যুতিক খুটি ও বাতি লাগানো হয়নি। রাস্তাটিরও কোন সংস্কার করা হয়নি। তারা আরো জানান, মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলা ও সোনারগাঁও থানার চরকিশোরগঞ্জ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ এই পথে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এই দুটি উপজেলা মুন্সিগঞ্জের অন্যতম কৃষি প্রধান এলাকা হওয়া আলু, খিরাড়াই,ধান ও অন্যান্য অর্থকরি ফসলের মৌসুমে উৎপাদিত পন্য পরিবহনে পড়তে হচ্ছে অবর্ণীয় দুর্ভোগে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জ পৌর এলাকার যোগনীঘাট (৮ নাম্বার ওয়ার্ড) হয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলায় অবস্থিত গজারিয়া উপজেলায় যাওয়ার ট্রলার ঘাট পর্যন্ত এ সড়কটিতে একটিও বৈদ্যুতিক খুটি ও সড়ক বাতি নেই। ওই সড়কের বহু যায়গায় কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেড়িয়ে গেছে। কোথাও কোথাও রাস্তার পাশ থেকে ২ গভীর ও ৪-৫ ফুট চওড়া হয়ে মাটি সড়ে গেছে ।

সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দের। এর মধ্যে ঝুঁকি নিয়ে ট্রাক, ইট-মাটি টানার ট্রলি, সিএনজি, ব্যাটরিচালিত অটো,ব্যাটারি চালিত ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

এ সময় কথা হয় এ পথে যাতায়াতকারী সরকারী হরগঙ্গা কলেজের এম বিএ পড়–য়া ছাত্র জনির সাথে। জনি বলেন, রাস্তাটির অবস্থা এত খারাপ যে বলার ভাষা নেই। সুস্থ্য মানুষের পক্ষে এ রাস্তা দিয়ে চলা মুশকিল হয়ে পরেছে। অসুস্থ ও গর্ভবতীদের দুর্ভোগেরতো কোন সীমাই নেই। তার মধ্যে রাস্তায় ও কালিদাশ নদীর উপর নির্মিত যোগনীঘাট সেতুতে একটি বাতিও নেই। ফলে দিনের চেয়ে রাতে আরো বেশি দুর্ঘটনা ঘটেই চলেছে।

সালাতুল্লা নামে এক কৃষক বলেন, কিছ ুদিন আগে এই রাস্তা দিয়ে খিড়াই(শশা) ও টমেটো ভ্যানে নিয়ে মুন্সিগঞ্জ বাজারে যাচ্ছিলাম। যাত্রী বোজাই একটি ব্যাটারি চালিত অটোকে ওভারটেক করতে দিতে গিয়ে সবজি সহ গর্তে পড়ে উল্টে যায়। এতে আমি আহত হই । আমার পণ্য গুলোও নষ্ট হয়ে যায়।

কম পক্ষে ১০-১২ জন চালকের সাথে কথা হলে তারা জানান, একেতো ভাঙা তার উপরে সড়ক ও সেতুতে নেই কোন আলোর ব্যবস্থা। তাই গাড়ি চালাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন সময় যাত্রী ও মালামালসহ উল্টে যাচ্ছে গাড়ি। গাড়ির যন্ত্রাংশ ভেঙে বাড়ছে খরচ। এ পথে চলতে গিয়ে সুস্থ-সবল মানুষের নাভিশ^াস ওঠে। অসুস্থ মানুষ হয়ে যায় আরো অসুস্থ। তাই সড়কটিতে খুব দ্রুত বাতি লাগানো ও সংস্কার করার দাবি ও জানায় তারা।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ পৌর মেয়র মো. ফয়সাল বিল্পব বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। যোগনীঘাট আমাদের মুন্সীগঞ্জ পৌরসভার অধিনে হলেও ওই রাস্তাটি করার দায়িত্ব সড়ক ও জনপদের। যেহেতু গজারিয়া ট্রলার ঘাটকে ফেরি ঘাটে রূপান্তর করা হবে,তাই ওই সড়কটিও সংস্কার করা হবে।

উপ-সহকারী প্রকৌশলী সড়ক উপবিভাগ মুন্সীগঞ্জ মো. মাছুম বিল্লা বলেন, ওই রাস্তার অনেক অংশ আমাদের মুন্সীগঞ্জের অধীনে। আর বাকি অংশ নারায়নগঞ্জ সড়ক ও জনপদের আওতায়। আমরা কয়েক মাস আগে মুন্সীগঞ্জ ৩-আসনের সংসদ সদস্যের মাধ্যমে ওই রাস্তাটি আমাদের অধীনে এনে কাজ করার চেষ্টা করেছিলাম ব্যর্থ হই। আমরা পুনরায় মুন্সীগঞ্জ ৩-আসনের সংসদ সদস্য এড. মৃনাল কান্তি দাসের সাথে এ ব্যাপারে আলোচনা চালাচ্ছি। যদি আমাদের ওই সড়কটির কাজ করার সুযোগ দেওয়া হয় তবে আমরা অবশ্যই করব।

সমকালীন মুন্সীগঞ্জ / শেখ মোহাম্মদ রতন / 01818336808/ 26-01-18

-সমকালীন মুন্সীগঞ্জ-এর প্রকাশিত যে কোন-সংবাদ,-ছবি,-তথ্য,-কলাম-সম্পাদকের অনুমতি ছাড়া কপিরাইট করা সম্পুর্ন নিষেধ ও দন্ডনীয় অপরাধ।