সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন করে ১২টি জেলায় অনলাইন ভিত্তিক ই-বেইল বন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমেদ।
আদালতে আসা বিচারপ্রার্থীদের দুর্ভোগ ও আদালতের জট কমাতে দেশের মোট ২৮টি জেলায় এই আধুনিক ডিজিটাল জামিন ব্যবস্থা চালু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন অন্তর্ভুক্ত ১২ জেলার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, অনলাইন ভিত্তিক ই-বেইল বন্ডের সুবিধা হচ্ছে জামিন বন্ড দাখিলে ১২ থেকে ১৩টি ধাপ পার হতে হতো, যা কমিয়ে মাত্র ২ থেকে ৩টি ধাপে নামিয়ে আনা হয়েছে। আইনজীবীরা এখন তাদের চেম্বার বা যেকোনো স্থান থেকেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বন্ড দাখিল করতে পারবেন। বন্ড জমা দেওয়ার সাথে সাথে ওটিপি এর মাধ্যমে তা গ্রহণের তাৎক্ষণিক সত্যতা নিশ্চিত করা হবে।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অহেতুক কারাবাস এড়িয়ে জামিনপ্রাপ্ত আসামিরা দ্রুত মুক্তি পাবেন।
এসময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তেহ্সিন ইফতেখার, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. মোশারফ হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মেহের নিগার সূচনা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আতিকুল ইসলাম সহ অন্যান্য বিচারকগণ।
আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুমন মিয়া সরদার, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির মো. মেহেদী হাসান, নায়েব নাজির শোয়েব শাকিল।

