মুন্সীগঞ্জের পঞ্চসারে এ.আর ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার এ.আর ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্লিনিকটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা, নির্ধারিত শয্যার অতিরিক্ত রোগী ভর্তি রাখা এবং এক্স-রে টেকনোলজিস্টসহ বিভিন্ন অনিয়মের বিষয়টি ধরা পড়ে।

অভিযানে দেখা যায়, ১০ শয্যার অনুমোদন থাকা সত্ত্বেও ক্লিনিকটিতে ১৭ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়া ক্লিনিকের ফার্মেসির অনুমোদন না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের বিষয়টিও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা করে।

কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।