সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নতুনগাঁও এলাকার আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার বসতবাড়ির সামনের পায়ে হাঁটার রাস্তায় অভিযান চালায়।
এ সময় ৬০০ পিস ইয়াবাসহ শাহনাজ ওরফে আখি বেগম (৪০), পিতা-নুরুজ্জামান, সাং-ভট্রাচার্যরবাগ এবং মো. শাকিল (৩০), পিতা-নওশেদ বেপারী, সাং-পশ্চিম সরদারপাড়া, উভয় থানা ও জেলা-মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

