মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাইচাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-টঙ্গীবাড়ী উপজেলার কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন বেপারীর ছেলে মো. ওয়াসিম বেপারী (৩৩) এবং বরিশালের আগৈলঝড়া উপজেলার ছোট বাসাইল এলাকার রমনী ঘোরামীর ছেলে উজ্জল ঘোরামী (২৫)। উজ্জল বর্তমানে টঙ্গীবাড়ীর কুন্ডের বাজার এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কাইচাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক জলিল শেখের বাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তা থেকে ওয়াসিম বেপারী ও উজ্জল ঘোরামীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদ।

এ সময় ডিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।