মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ বিউটি বেগম ওরফে আসমা (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টংগীবাড়ী উপজেলার হাসকিরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার হাসকিরা এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে হাসকিরা এলাকার বিউটি বেগম ওরফে আসমার বসতবাড়ির গেটের সামনের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার বিউটি বেগম ওরফে আসমা টংগীবাড়ী উপজেলার হাসকিরা গ্রামের বাসিন্দা। তিনি সেলিম শেখের স্ত্রী এবং মৃত সুলতান প্রধানের মেয়ে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান।