মুন্সীগঞ্জের টংগিবাড়িতে অস্বাস্থ্যকর বেকারি ও অনিয়মিত ফার্মেসিকে জরিমানা

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জের টংগিবাড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ওষুধ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানটি পরিচালনা করেন।

আসিফ আল আজাদ জানান, অভিযানে মজুমদার বেকারিতে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।
কেকের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা হচ্ছিল না।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক রাম মজুমদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে মেসার্স ব্রাদার্স মেডিকোর্স ফার্মেসিতে মনিটরিংকালে বিভিন্ন ওষুধের মেয়াদের অংশ কেটে ফেলে বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করতে দেখা যায়। এছাড়া এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) উল্লেখ নেই—এমন ওষুধও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছিল।
এ ঘটনায় ফার্মেসিটির ম্যানেজার মিঠু গাংগুলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।