সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মুন্সীগঞ্জের গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের বাক্সে থাকা প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট সংলগ্ন মর্নিংসান হাইওয়ে রেস্তোরা অ্যান্ড হোটেলে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভাটিবন্দর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল কাদির (৪৫), কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল সলিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আলম (২৬)। তারা ওই রেস্টুরেন্ট পরিচালনার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে অবস্থিত ওই রেস্টুরেন্টে খাবার বিক্রির পাশাপাশি গোপনে মাদক বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ ছিল। রেস্টুরেন্টে আসা বিভিন্ন ব্যক্তি ও যানবাহনের চালকদের কাছে কৌশলে মাদক সরবরাহ করা হতো বলেও স্থানীয়দের অভিযোগ।
বুধবার দুপুরে মাদক বিক্রির অভিযোগের খবর পেয়ে স্থানীয় কয়েকজন রেস্টুরেন্টে গিয়ে ওই তিনজনকে আটক করেন। এ সময় রেস্টুরেন্টে থাকা একটি স্টিলের বাক্স নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাক্সটি খুলে এর ভেতর গাঁজা পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গাঁজাসহ হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রেস্টুরেন্টটির মালিক তেতৈতলা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোহাম্মদ আলী। তার কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নিয়ে কয়েকজন মিলে ব্যবসা পরিচালনা করছিলেন। তবে রেস্টুরেন্টের আড়ালে মাদক বিক্রির অভিযোগের বিষয়ে মালিকের বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় একটি স্টিলের বাক্স উদ্ধার করা হয়। বাক্সের ভেতর থেকে প্রায় এক কেজি গাঁজা পাওয়া গেছে। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গাঁজাসহ তিনজন আটকের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

