সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিয়ামি রেস্টুরেন্টকে ২০ হাজার, মুয়াজ স্টোরকে ২ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালুয়াকান্দি ও ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
আসিফ আল আজাদ জানান, অভিযানে বালুয়াকান্দি এলাকার মিয়ামি রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকার বিষয়টিও নজরে আসে।
এসব অনিয়মের কারণে রেস্টুরেন্টটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মুয়াজ স্টোরে মনিটরিং করে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।

