সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করেছে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। আগামীকাল বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় তিনি প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি জানিয়েছেন ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, ‘আমরা চার দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক মহোদয় আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।’
তিনি বলেন, ডা. দীপু মনির কারাবরণের দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তির সুযোগ পেলেন তিনি।
ফয়সাল হোসেন জানান, আগামীকাল সকাল ৬টায় কারাগার থেকে পুলিশ পাহারায় ডা. দীপু মনিকে নিয়ে যাওয়া হবে। প্যারোলের পুরো সময় তিনি পুলিশ পাহারায় থাকবেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ আগামীকাল সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে ডা. দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।
বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

