ঢাকায় একতা সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি উদযাপন

মোঃ সাগর হোসেনঃ

একতা সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে ‘অসাম্প্রদায়িক ও বিপ্লবী চেতনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন চাঁদের কণা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম মতাজ্জুল করিম। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ কামাল (শ্যামল) এবং শুভেচ্ছা বক্তব্য দেন একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান কবি শিহাব রিফাত আলম ও এডভোকেট মোঃ হাবিবুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সোনার বাংলা সাংষ্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও উপস্থাপনা করেন মডেল ও উপস্থাপক রাজিবুল হক রনি।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও বিপ্লবী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদান করা হবে। আলোচনা সভা শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।