একতা সাংস্কৃতিক সংগঠনের ‘নজরুল স্মৃতি সম্মাননা’ পেলেন ফারহানা আলি মারিয়া

মোঃ সাগর হোসেন:

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত একতা সাংস্কৃতিক সংগঠনের ৫ বছর পূর্তি অনুষ্ঠানে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ পেয়েছেন সঙ্গীতশিল্পী ফারহানা আলি মারিয়া।

সোমবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের সেমিনার হলে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘অসাম্প্রদায়িক ও বিপ্লবী চেতনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের হাতে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়। এরই অংশ হিসেবে সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ফারহানা আলি মারিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও বিপ্লবী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।